১৯৮

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ডরমিটরিতে গভীর রাতে এক নারী শিক্ষার্থীসহ সংগীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে আটক করেন শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড জরুরি বৈঠক করে একটি তদন্ত কমিটি গঠন করে। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর একজন অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্তাধীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, ওই শিক্ষার্থী নিয়মিত তবলা শেখার জন্য ডেমোনস্ট্রেটরের বাসায় যেতেন। ঘটনার রাতে বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাদের কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে গভীর রাতে প্রক্টর, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হয়ে কক্ষে প্রবেশ করেন এবং উভয়ের কাছ থেকে লিখিত বক্তব্য নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে তদারকি জোরদার ও শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।”

প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।