১১৬

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে হাসপাতালের বাইরে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, সেখানে একাধিক ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করেন। পরে ভোরের দিকে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলে এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেল্লাল সিকদার ও নাসির নামে দুই যুবককে আটক করা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।