৬৩

বাড়িতে ফিরে খাবার তৈরি করতে বলা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই সন্তানের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী অভিযুক্ত কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় অভিযুক্ত কৃষ্ণ লাল মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়িতে ফিরে তিনি দুই সন্তান ও নিজের জন্য স্ত্রী যামিনীকে রান্না করতে বলেন। তবে যামিনী সে সময় নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং রান্না করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কৃষ্ণ লাল সন্তানদের চোখের সামনেই স্ত্রীর ঘাড় ও পেটে প্রচণ্ড আঘাত করেন। মারাত্মক আহত অবস্থায় যামিনীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার শুরুতে বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসে। চিকিৎসকেরা নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন, হাড় ভাঙা ও শ্বাসরোধের আলামত পান।

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করে অভিযুক্ত কৃষ্ণ লালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে নাগপুর পুলিশ। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাটির বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।