১১৬

জয়পুরহাটের ক্ষেতলালে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে উপজেলার কাচারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম ক্ষেতলাল সরকারি পাইলট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযান ও পুলিশ সূেত্রর তথ্য

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল কাচারী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রহিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। তল্লাশিকালে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্বে মাদক নিরাময় কেন্দ্রে ছিলেন শিক্ষক

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি পূর্বে চিকিৎসা সনদ নিয়ে তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন বলেও জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিভাগীয় ব্যবস্থার আশ্বাস

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী জানান, কোনো শিক্ষকের মাদকের সঙ্গে সম্পৃক্ততা বা পুলিশে আটক হওয়ার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিবেদন আকারে জানানো হবে। সেখান থেকে ডিপিইও নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ও বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।