১০৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে নাজমুল (২৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার সংলগ্ন মিশন রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের আবুল-সাদ্দাম হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। তার পা মাটিতে স্পর্শ করা অবস্থায় থাকায় ঘটনাটি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।