৪০

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয়টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার পূর্বাভাসে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে রাজধানীতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।

নদীবন্দরে সতর্কতা

ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।

সারাদেশের চিত্র

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।