১৩৬

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন। তবে এ ধরনের বডি-শেমিংকে তিনি “নির্বুদ্ধিতা ও কদর্যতা” বলে কড়া ভাষায় জবাব দিয়েছেন।

সম্প্রতি তিনি ২০১৮ সালের একটি পুরোনো ছবি শেয়ার করলে সেখানে কিছু নেতিবাচক মন্তব্য আসে। এক নেটিজেনের কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে স্বরা এর জবাব দেন এবং বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সমাজ নারীদের জন্য যে অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড তৈরি করেছে, তা তিনি মানতে চান না।

একটি কোলাজ ছবিতে তিনি নিজের আগের ও বর্তমান রূপ তুলে ধরেন, যেখানে বর্তমান ছবিতে তার কোলে দেখা যায় কন্যা রাবিয়াকে। সেখানে তিনি জানান, সন্তান জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন কমানোর কোনো চাপ গ্রহণযোগ্য নয়।

স্বরা ভাস্কর বলেন, তিনি ফিটনেসের বিপক্ষে নন, তবে শরীরকে নির্দিষ্ট ছাঁচে ফেলার প্রবণতার বিরোধী। তার মতে, জীবনের পরিবর্তনের সঙ্গে নিজের শরীরকে সময় ও সম্মান দেওয়া জরুরি।

বলিউডে মা হওয়ার পর দ্রুত “জিরো ফিগার”-এ ফেরার যে প্রবণতা রয়েছে, তারও সমালোচনা করেন তিনি। তার মতে, অভিনয় দক্ষতার সঙ্গে শরীরের ওজনের কোনো সম্পর্ক নেই।

স্বরা ভাস্করের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে নারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।