৮

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সময়ে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রোরেল পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয় বলে জানিয়েছেন সংস্থাটির ডিউটি অফিসার হামিদুর রহমান।

এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।