২৪

দেশব্যাপী ভেজালবিরোধী অভিযান জোরদার; চলতি অর্থবছর ৭২টি মোবাইল ল্যাব ভ্যান সংগ্রহ এবং পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা।

ঢাকা: নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে খাদ্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম স্বচক্ষে দেখতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত একটি মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৪ই অক্টোবর ২০২৬) সকালে সচিবালয়ে দপ্তরে প্রবেশের পূর্বে প্রধানমন্ত্রী এই ভ্রাম্যমাণ গবেষণাগারটি পরিদর্শন করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মোবাইল ল্যাবটির ভেতরে প্রবেশ করেন এবং পরীক্ষাগারের কার্যক্রম ও খাদ্যে ভেজাল পরীক্ষার বিভিন্ন প্রযুক্তিগত প্রক্রিয়া খুঁটিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ল্যাবের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কর্মকর্তারা জানান, দেশব্যাপী ভেজালবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বর্তমানে আটটি মহানগরে মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য নমুনা পরীক্ষা ও মনিটরিং করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৭২টি নতুন মোবাইল ল্যাবরেটরি ভ্যান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এসব ভ্যানের বাইরের অংশে স্থাপিত বিশেষ মনিটরের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও প্রচারণা চালানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।