১৮

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। রোববার সকালে মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে মিরপুর-১০ এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত ছিল। তবে এ ঘটনায় হতাহত বা আটকের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।