২

ডিজিটাল যোগাযোগ বাড়লেও বাস্তব জীবনে মানুষের মধ্যে দূরত্ব ও একাকিত্বের অনুভূতি কমছে না। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা উদ্বেগজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ঢাকাবাসীকে ঘরের বাইরে এনে নতুন মানুষের সঙ্গে পরিচয় ও সামাজিক বন্ধন তৈরির সুযোগ করে দিতে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’।

আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর পূর্বাচলের জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে অনুষ্ঠিত হবে এই উৎসব। ‘চলুন ঢাকাকে ঘরের বাইরে নিয়ে যাই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে শরীরচর্চা, গান, সৃজনশীল কর্মকাণ্ড, খাবার এবং পারস্পরিক আড্ডার আয়োজন।

উৎসবটির আয়োজক ‘দ্য ফ্লো ফেস্ট’। প্রতিষ্ঠানটির পরিচালিত এক যুব জরিপে রাজধানীর ১ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মতামত নেওয়া হয়। জরিপে তরুণদের মধ্যে একাকিত্বকে অন্যতম নেতিবাচক অনুভূতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা ও যোগ প্রশিক্ষক শাজিয়া ওমর বলেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অর্থপূর্ণ সামাজিক যোগাযোগ এবং পারস্পরিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসঙ্গে সময় কাটানো, গল্প করা, নতুন কিছু শেখা কিংবা কোনো সামাজিক গোষ্ঠীর অংশ হওয়ার মধ্য দিয়ে মানুষের সুস্থ থাকার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।

আয়োজকদের ভাষ্য, উৎসবে কেউ বন্ধুদের সঙ্গে কিংবা একাই অংশ নিতে পারবেন। খোলা মাঠে পিকনিকের পরিবেশে অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হওয়া, আড্ডা দেওয়া এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ থাকবে।

শুধু তিন দিনের উৎসবেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ ও বন্ধুত্ব ধরে রাখতে ঢাকার বিভিন্ন স্থানে নিয়মিত তিনটি সাপ্তাহিক আয়োজনও চালু করছে দ্য ফ্লো ফেস্ট।

এর মধ্যে প্রতি শুক্রবার সকাল ১০টায় রাজধানীর জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে ‘ফ্রাইডে ফ্লো ওয়াকস’। একসঙ্গে হাঁটা, গল্প করা ও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে এতে।

প্রতি শনিবার বিকেল ৫টায় হিরোশি রামেন রেস্তোরাঁয় আয়োজন করা হবে ‘স্যাটারডে স্পিড ফ্রেন্ডিং’। বিষয়ভিত্তিক আলোচনা ও মজার কথোপকথনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারবেন।

এ ছাড়া শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানো এবং বন্ধুত্ব গড়ে তোলার জন্য দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে আয়োজন করা হবে ‘ফ্লো উইকেন্ড রিট্রিটস’।

আয়োজকদের মতে, একাকিত্ব কাটাতে অনেক সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। ঘরের বাইরে বের হওয়া, নতুন কোনো কার্যক্রমে অংশ নেওয়া কিংবা অপরিচিত কাউকে একটি শুভেচ্ছা জানানোর মধ্য দিয়েও তৈরি হতে পারে নতুন সম্পর্ক।

উৎসবে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা দ্য ফ্লো ফেস্টের ওয়েবসাইট theflowfest.com-এ যোগাযোগ করতে পারবেন।