২

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় মামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হারুন-অর-রশিদের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনের সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ইমেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে ফেরেননি।

এ ঘটনায় পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি।

পরে অভিযোগ তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ৬ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এরপর ২০ আগস্ট তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। গত ১ অক্টোবর কমিশন তাকে বরখাস্তের সুপারিশ করে।

বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনা করে কর্তৃপক্ষ অভিযোগ প্রমাণিত বলে সিদ্ধান্ত নেয়। পরে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্তে অনুমোদন দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন।