১১৭

দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনায় আগামী ১ জুলাই (বুধবার) জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব. ও বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বিপিসির আওতাধীন বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম ১ জুলাই পরিচালিত হবে। এ কারণে চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনায় ওই দিন বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি। দেশি-বিদেশি এয়ারলাইন্সে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোগুলোর জেট এ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করে সরবরাহ কার্যক্রম সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিপিসি।

এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।