১০২

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ-এর এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে বিএম কলেজের মসজিদ গেটসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সড়ক অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা বিএম কলেজ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে প্রশাসনিক ভবনের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ চালিয়ে যান।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার (২৯ জুন) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহর ওপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী। হামলায় আহত আব্দুল্লাহকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সুষ্ঠু বিচার এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে গণিত বিভাগসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ শোনা হয়েছে। তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।