৫৬

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় মৃত ভেবে পরিবারের সদস্যরা যার শেষকৃত্য ও শোক পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছিলেন, প্রায় ১০ দিন পর তাকেই ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাটি ঘটেছে নেপালের নুওয়াকোট জেলার বেত্রাওয়াতি গ্রামে। উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠা।

স্থানীয় পুলিশ সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বন্যায় চারতলা একটি ভবন ভেসে গিয়ে কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিল। উদ্ধারকারীরা আশপাশে তল্লাশি চালানোর সময় হঠাৎ ভেতর থেকে এক নারীর ‘বাঁচাও’ আকুতি শুনতে পান। এরপর প্রায় ৪৫ মিনিটের এক ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে চণ্ডিকা কুমারীকে ভবনটির ভেতরের একটি অত্যন্ত সংকীর্ণ ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয়, যেখানে পানি ও কাদার মাঝে সামান্য বাতাস চলাচলের সুযোগ থাকায় তিনি এতদিন বেঁচে ছিলেন।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নিখোঁজ থাকার কারণে পরিবার ইতোমধ্যেই চণ্ডিকার মৃত্যুর আশঙ্কায় ১১ দিনের শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছিল। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নেপালের এই সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৫,০০০ মানুষ নিখোঁজ রয়েছে। চণ্ডিকা কুমারীর পাশাপাশি সম্প্রতি ধ্বংসস্তূপ ও নদীর পাশের সুড়ঙ্গ থেকে বেশ কয়েকজন ও এক ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার করায় উদ্ধারকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।