১০৫

আমানতের সুদ বা মুনাফা থেকে সঠিক হারে উৎসে কর (টিডিএস) কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে দেশের সব ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১০২ ধারা অনুযায়ী সঞ্চয়ী, স্থায়ী, মেয়াদি কিংবা অন্য যেকোনো ধরনের আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় গ্রাহকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কাটতে হবে।

এছাড়া কোনো গ্রাহক রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর দিতে ব্যর্থ হলে স্বাভাবিক হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন বা সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কয়েকটি ব্যাংকে সুদ বা মুনাফা পরিশোধের সময় সঠিক হারে উৎসে কর কর্তন এবং তা যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও ত্রুটি ধরা পড়েছে। এসব কারণে পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষায় জটিলতা তৈরি হচ্ছে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। (BVNEWS24 || বিভিনিউজ২৪)