৯০

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওভারটেক করার সময় ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসের কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের মধ্যে আরও কেউ মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।