৬১

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে সর্বোচ্চ।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৮ দিনে যে রেমিট্যান্স এসেছে, তা ৩৩৩ কোটি ২০ লাখ ডলার। এর আগে মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন একক মাসের রেকর্ড ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে ১৮ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়েছে।