১৫৬

ঢাকা, সিলেট, রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তিনি জানান, অচিরেই বাকি সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না দেওয়া, প্রশাসকের পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে না পারা, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজন এবং অংশগ্রহণমূলক ও সমতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।