২৪৩

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে মহানগরের আট জোনে এই বিশেষ অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএমপি ট্রাফিকের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। তবে তারা যদি আইন না মানেন, তাহলে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকাল থেকেই অভিযানের খবর পেয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের দোকানপাট সরিয়ে নিতে দেখা যায়।

ডিএমপি জানিয়েছে, গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে।