৪৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলতি মাসে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ের একাংশ ধসে পড়ে পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবনের ওপর। মুহূর্তে সেগুলো মাটিচাপা পড়ে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি পুরো আবাসিক এলাকা এবং সংলগ্ন সড়ক ঢেকে গেছে। দুর্ঘটনার পর থেকেই শত শত উদ্ধারকর্মী কয়েক দিন ধরে টানা উদ্ধার অভিযান চালান।

উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, মাটিচাপা পড়ে নিখোঁজ থাকা প্রায় ৫০ জনের আর জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। গত শুক্রবার পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল। পরবর্তীতে উদ্ধার হওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষা ও পরিচয় শনাক্তের পর আরও ৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। এতে করে মোট মৃতের সংখ্যা ৪১ জনে দাঁড়াল।

সাম্প্রতিক সময়ে চীনে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এর মাত্র দুই সপ্তাহ আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশেও একটি ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছিল। সেখানে ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন এবং অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।