১৭৭

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া ওই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় সাত দিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারিভাবে শোক ও সাধারণ ছুটি ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি। পাশাপাশি দলের পক্ষ থেকেও সাত দিনব্যাপী শোক পালন করা হবে। এই সময় দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া প্রতিটি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।