১৯৩

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি অবৈধ স্বর্ণখনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলায় অবস্থিত একটি অবৈধ খনির পাশে থাকা পাহাড় বৃহস্পতিবার ধসে পড়ে। সেই সময় শ্রমিকরা পাহাড়ের মাত্র কয়েক মিটার নিচে কাজ করছিলেন, ফলে তারা ধসের নিচে চাপা পড়েন।

পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা বলেন, ঘটনাস্থলটি অনুমোদনবিহীন স্বর্ণখনি ছিল। ধসের পর ৯ জন নিহত হন এবং ৩ জন কোনোভাবে প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। পরে খনিটি বন্ধ করে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবৈধ খনির কার্যক্রম সাধারণ হলেও নিরাপত্তার অভাবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষ করে বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়।