৩০

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মামাতো–ফুপাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

নিহতরা হলো—দেবীগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকার ভ্যানচালক রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০), স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। অন্যজন হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম-বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে লামিম হোসেন (১৩), দেবীগঞ্জ উপজেলার ফুলতলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান জানান, শুক্রবার দুপুরে বাড়ির কাছের করতোয়া নদীতে গোসলে নামে দুই শিশু। এ সময় হঠাৎ রাজু পানিতে ডুবে গেলে লামিম তাকে বাঁচাতে এগিয়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার কাজে নামে। দুপুরে রাজুর মরদেহ উদ্ধার করা হলেও বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযান চালিয়ে লামিমের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা নদীতে ডুবে মৃত্যুর ঘটনা রোধে দ্রুত ফায়ার সার্ভিসে ডুবুরি দল সংযুক্ত করার দাবি জানান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।