২৩৭

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম নামে এক মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাশেম স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুকুরপাড়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটছে। একপর্যায়ে কয়েকজনকে টুপি পরিহিত ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। পরে একজনকে মাটিতে ফেলে মারধর করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে মাওলানা আবুল কাশেমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।