৯০



কুমিল্লার লালমাই উপজেলায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর দাবি, ধর্ষণচেষ্টার হাত থেকে আত্মরক্ষার জন্য তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

:
গত শনিবার সকাল আটটার দিকে কুমিল্লার লালমাই উপজেলার একটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনায়েতুর রহমান ও প্রতিবেশী প্রবাসী সুমন চৌধুরীর বাড়ি পাশাপাশি। কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এছাড়া প্রায় এক মাস আগে দেশে ছুটিতে এসে সুমন চৌধুরী তাঁর স্ত্রীর সঙ্গে এনায়েতুর রহমানের অসদাচরণের অভিযোগ তুলেছিলেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।

এরপর চার দিন আগে সুমন পুনরায় কর্মস্থলে ফিরে যান। এ অবস্থায় শনিবার সকালে এনায়েতুর রহমানের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ এক প্রতিবেশী নারীকে আটক করে।

আটককৃত নারীর দাবি, এনায়েতুর রহমান তাঁকে ধর্ষণের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি এ কাজ করেন। তবে নিহতের মা নেহারা বেগম অভিযোগ করেন, তাঁর ছেলেকে কৌশলে ঘরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত এনায়েতুর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তাঁর দুই হাতের কবজি ও আঙুল স্বাভাবিকভাবে কাজ করত না বলে পরিবারের দাবি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। বর্তমানে আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।