২৮২

কুষ্টিয়ায় পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল আউয়াল (৪২)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আউয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম বিশ্বাসের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০)-এর সঙ্গে আসামির পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে তাদের মধ্যে জগড়া-বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করে এবং প্রেমিকাকে গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল আউয়াল তার নিজ বাড়িতে উপস্থিত লোকজনের সামনে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে একাধিক আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই শাহানা খাতুনের মৃত্যু হয়।

ঘটনার পর তদন্ত শেষে ইবি থানার উপ-পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ আব্দুল আউয়ালের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।