১৭৬

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পারিবারিক সূত্র ও তার মেয়ে তাসনিম সিনহার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও জনসেবার মাধ্যমে এলাকায় পরিচিতি অর্জন করেন। পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নে তার অবদান রয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ব্যবসায়িক জীবনে একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, শিক্ষা সমাজ ও স্থানীয় জনপদে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।