১৮২

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচজন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের স্বার্থে বিষয়টি এখনই নিশ্চিত করে বলা হচ্ছে না। ঘটনাটি উদঘাটনে ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন। পুলিশের হেফাজতে রয়েছেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।

পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই চলছে। প্রয়োজন হলে আরও সন্দেহভাজনদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুধবার (২২ এপ্রিল) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান, তার স্ত্রী পপি ও তাদের দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।