১০৭

কুয়েত থেকে কারাভোগ শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে হৃদরোগে মৃত্যুর ঘটনা ঘটেছে ফেনীর নুরুল ইসলাম সাগর (৩৫)-এর। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে স্থানীয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সহসভাপতি ছিলেন।

পরিবার জানায়, কর্মসংস্থানের উদ্দেশ্যে তিনি ২০২৫ সালে কুয়েতে যান। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়ে ১৫ দিন কারাভোগ করেন। পরে সেখান থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

শনিবার রাত ১টার দিকে বিমানবন্দরে নামার পরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, বিমানবন্দর পুলিশের তথ্য অনুযায়ী পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে এবং পরে স্বজনরা মরদেহ গ্রহণ করেছেন।