২৭৭

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলম-এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি আসতে দেখে টহলদল তাদের সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নেওয়ার পথে আনুমানিক ১০০ থেকে ১১০ জনের একটি সশস্ত্র দল বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। বিষয়টি জানতে পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস-এর নেতৃত্বে আরও দুটি টহলদল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়।

অতিরিক্ত বিজিবি সদস্যদের উপস্থিতির খবর পেয়ে সশস্ত্র দলটি ধীরে ধীরে সরে যায়। বিজিবির তাৎক্ষণিক কৌশল ও সাহসিকতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব অপরাধ দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।