৪৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ১৮৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬৪২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ২৪১ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ জন।

এছাড়া চিকিৎসা শেষে ৫ হাজার ৮০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।