২৫১

আমেরিকার বাজারে চীনকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের প্রথম দুই মাসে বাংলাদেশ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একই সময়ে চীনের রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

বিশেষ করে চলতি বছরের শুরুতে চীনের পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বছরের প্রথম দুই মাসে দেশটির রপ্তানি কমেছে প্রায় ৫৭ দশমিক ৬৫ শতাংশ, যা বৈশ্বিক বাজারে তাদের অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তবে সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আলোচ্য সময়ে দেশটি বিশ্ববাজার থেকে মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও বাজার পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের এই অগ্রগতি রপ্তানি খাতে ইতিবাচক বার্তা দিচ্ছে।