৪৬

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মান্দা বিলের কোঁচড়া ঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

১৭০০ কেজি পোনা মাছ অবমুক্ত

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে জবই বিলের প্রাকৃতিক মৎস্য উৎপাদন বাড়াতে মোট ১ হাজার ৭০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮০০ কেজি বিভিন্ন কার্পজাতীয় মাছের পোনা এবং ৯০০ কেজি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির পোনা মাছ।

টেকসই মৎস্য ব্যবস্থাপনার প্রত্যয়

উদ্বোধনকালে আয়োজকেরা জানান, এই উন্মুক্ত জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের বংশবৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবী পরিবারের জীবিকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এই অঞ্চলে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এলাকার সাধারণ মানুষের আমিষের ঘাটতি পূরণ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

উপস্থিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জবই বিল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শামশুল করিম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মো. আবু সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুবিধাভোগী মৎস্যজীবীরা।

পোনা মাছ অবমুক্তকরণ শেষে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বিলের মৎস্যসম্পদ রক্ষায় কারেন্ট জাল ব্যবহার না করা এবং পোনা মাছ শিকার থেকে বিরত থাকার জন্য স্থানীয় মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানান।