৫৫৬

কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসা নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শাহ আলমের মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া এবং দাফনের খরচ সরকার বহন করবে। পাশাপাশি তার পরিবারের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ চায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ হোক এবং বিশ্বে তৈরি হওয়া সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হোক।

কিরগিজস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।

এছাড়া যুদ্ধের কারণে বিভিন্ন দেশে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা জটিলতা ও অন্যান্য সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে। একইসঙ্গে যারা আবার বিদেশে যেতে চান, তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে আরও চাকরির ক্ষেত্র তৈরির বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে।