২৪৩

বৈশাখের প্রথম দিন যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, সেটির নাম আর ‘আনন্দ’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে না। এবার তা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখের উদযাপন নিয়ে কোনো বিভাজন বা সংঘাত তৈরি করতে চায় না সরকার। তাই শোভাযাত্রার নাম নিয়ে কোনো সংকট না রেখে ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রার পরিবর্তে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামটি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি ঐতিহাসিক ঐতিহ্য, যা দীর্ঘদিন ধরে দেশে উদযাপিত হয়ে আসছে। অতীতে বিভিন্ন সময়ে এর নাম ও রূপ পরিবর্তিত হয়েছে। এরশাদের শাসনামলে এটি ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল, পরে আওয়ামী লীগের সময় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি চালু হয়।

তিনি উল্লেখ করেন, গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে এটিকে ‘আনন্দ শোভাযাত্রা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এসব নাম নিয়ে আলোচনার চেয়ে ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপনই গুরুত্বপূর্ণ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও জানান, নতুন এই নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ ইউনেস্কোকেও জানানো হবে।