২৫৪

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৪ মে) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা, হবিগঞ্জসহ হাওরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কিছু এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

পাউবো জানায়, সকাল ৯টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের অন্তত ৮টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে রয়েছে—
সুনামগঞ্জের নলজুর নদী (৪০ সেমি ওপরে),
নেত্রকোনার ধনু-বাউলাই নদী (৮ সেমি ওপরে),
সোমেশ্বরী নদী (৫০ সেমি ওপরে),
ভুগাই-কংশ নদী (৬৭ সেমি ওপরে),
মগরা নদী (৭৯ সেমি ও ২৭ সেমি ওপরে দুই স্টেশন),
হবিগঞ্জের কালনি নদী (১০ সেমি ওপরে) এবং
সুতাং নদী (৮৩ সেমি ওপরে) প্রবাহিত হচ্ছে।

এছাড়া হাওর অঞ্চলের নদীগুলোর পানি সমতল প্রতি ঘণ্টায় ধীরগতিতে বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা উজান থেকে পানি প্রবাহ বাড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

পাউবো সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।