১৬৩

দুবাই থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার এক যুবক।

বেঁচে ফেরা ওই যুবকের নাম আব্দুল কাদির। তিনি উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক; তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।

কাদিরের মা আম্বিয়া খাতুন জানান, প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করে আব্দুল্লাহপুরের এক দালালচক্রের মাধ্যমে তার ছেলে দুবাই থেকে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। বড় নৌকায় যাওয়ার কথা থাকলেও প্রতারণার শিকার হয়ে তাকে একটি ছোট নৌকায় তুলে দেওয়া হয়। যাত্রাপথে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়, এতে বহু যাত্রী প্রাণ হারান। তবে ভাগ্যক্রমে কাদির জীবিত ফিরে আসেন।

অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “এই ঘটনায় পুরো এলাকা শোকাহত। তবে কাদিরের বেঁচে ফেরার সংবাদ আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। আমরা আশা করি, সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে।”

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কাদিরের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, এই ঘটনা মানবপাচার চক্রের প্রতারণা এবং অবৈধ পথে বিদেশ যাত্রার ভয়াবহ ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। কাদিরের বেঁচে ফেরার ঘটনা যেমন আশার বার্তা দিচ্ছে, তেমনি এটি সবার জন্য একটি সতর্কবার্তা—জীবনের ঝুঁকি না নিয়ে বৈধ পথে বিদেশ যাত্রাই নিরাপদ।