১৮৩

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। দেশের পর্বতারোহী বাবর আলী জয় করেছেন বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু। ৮,৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গে পৌঁছে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

গত ২ মে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ খ্যাত মাকালুর চূড়ায় পৌঁছান বাবর আলী। এটি ছিল তার পঞ্চম আট-হাজারি পর্বত জয়। এর আগে বিশ্বের আরও চারটি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ স্পর্শ করেছিলেন তিনি, যা কোনো বাংলাদেশির নেই।

দেশে ফিরে শনিবার (১৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘এক্সপিডিশন মাকালুঃ দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক সংবাদ সম্মেলনে নিজের অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন বাবর। তিনি জানান, ভয়াবহ ঠান্ডা, তীব্র বাতাস ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে মাকালু অভিযান ছিল তার জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

অভিযান চলাকালে নিজের এক আমেরিকান বন্ধুকে তুষারধসে হারানোর কথাও জানান তিনি। এছাড়া তার আরেক রাশিয়ান বন্ধু তুষারক্ষতের কারণে হাত-পায়ের কয়েকটি আঙুল হারিয়েছেন বলেও উল্লেখ করেন বাবর।

তিনি বলেন, “প্রতিটি পর্বতের চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে দাঁড়ালে মনে হয়, দেশটাও আমার সঙ্গে একটু করে উপরে উঠে যাচ্ছে।”

২০১৪ সাল থেকে পর্বতারোহণে যুক্ত বাবর আলী ইতোমধ্যে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক দুর্গম শৃঙ্গ জয় করেছেন। তার লক্ষ্য বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের সবগুলো জয় করা।