৬৪

পাকিস্তান এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি ন্যায়পরায়ণ মধ্যস্থতাকারী ও বিশ্বস্ত দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এটিকে পাকিস্তানের ইতিহাসের একটি “উজ্জ্বল মুহূর্ত” বলেও উল্লেখ করেন।

রোববার (১৭ মে) দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ওপর আস্থা রাখছে এবং শান্তি আলোচনায় দেশটিকে ক্রমেই নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সমন্বয়ের ফলে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, কঠিন পরিস্থিতির মধ্যেও পাকিস্তান দায়িত্বশীল কূটনৈতিক ভূমিকা বজায় রেখেছে। একই সঙ্গে গত দুই বছরে দেশের অর্থনীতি স্থিতিশীল করা এবং মূল্যস্ফীতি এক অঙ্কে নামিয়ে আনার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে পৃথক এক টেলিফোন আলাপে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি-এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন শাহবাজ শরিফ।

সরকারি বিবৃতিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই আলোচনায় উভয় পক্ষ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতারের ভূমিকার প্রশংসা করে শাহবাজ শরিফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর জন্য শুভেচ্ছা জানান এবং তার পাকিস্তান সফরের আশাবাদ ব্যক্ত করেন।