১৪৩

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরকারি চাকরি থেকে পদত্যাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ সিদ্ধান্ত জানানো হয়। প্রথম দিনের বাছাইয়ে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলের মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনেরটি আপাতত ‘পেন্ডিং’ রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, মনিরা শারমিনের জমা দেওয়া কাগজপত্রে সরকারি পে-স্কেলের বিষয়টি উল্লেখ থাকায় তাঁর প্রার্থিতা নিয়ে স্পষ্টতা প্রয়োজন। এ কারণে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মনিরা শারমিন স্থায়ী হওয়ার আগেই বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরি ছেড়েছেন, ফলে এই বিধিনিষেধ তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সংক্রান্ত আপিল দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

উল্লেখ্য, এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং অন্যান্য প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।