২২৯

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্থভাবে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৩টায় শেষ হওয়ার কথা ছিল। তবে বিকেল ৩টার পরেও ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে এ অবস্থায় ভোটগ্রহণে আরও সময় লাগবে।

সরেজমিন বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ধারণা করা যায়, সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত সময় লাগতে পারে পুরো ভোটগ্রহণ সম্পন্ন করতে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জুলফিকার মাহমুদ সময় সংবাদকে বলেন, ভোটগ্রহণের সময় ৩টা পর্যন্ত দেয়া থাকলেও ৩টার আগে লাইনে যারা দাঁড়িয়েছেন, তাদের সবাই ভোট দেয়ার সুযোগ পাবেন। তবে ৩টার পর আর কোনো শিক্ষার্থীকে লাইনে দাঁড়ানোর সুযোগ দেয়া হবে না।

শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ভোটগ্রহণের সময়টা একটু বাড়ানো হলে ভালো হতো।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাহাথির সান বলেন, তিন ঘণ্টা ধরে লাইনে আছি। এখনও ভোট দেয়ার সুযোগ পাইনি। মধ্যাহ্ণভোজের সময় হয়েছে। খেতে যাওয়ার সুযোগ নেই, কারণ ৩টার পর আর ঢুকতে পারব না ক্যাম্পাসে।

সম্প্রতি অনুষ্ঠিত সবগুলো ক্যাম্পাসে ভোটগ্রহণ চলেছে ৭-৮ ঘণ্টার মতো। জগন্নাথে কেন সেটা ৬ ঘণ্টা করা হলো, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‌আমাদের শিক্ষার্থী সংখ্যা কম। প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য ১টি করে বুথের ব্যবস্থা করা হয়েছে। বিরতিহীনভাবে ভোট চললে ৩-৩.৫ ঘণ্টায় ভোট শেষ হওয়ার কথা।

তবে ভোটকেন্দ্রে দেখা গেল পুরোপুরি উল্টো চিত্র। সময় শেষ হয়ে গেলেও শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে।

উল্লেখ্য, এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ জন। তাদের জন্য সব মিলিয়ে ১৭৮টি বুথের ব্যবস্থা করা হয়েছে।