১৭২

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ঘরে একা পেয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গত শনিবার (২৩ মে) রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শাহজাহান মোল্লা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত তারা মোল্লার ছেলে।

বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী কিশোরীর মা বাড়ির পাশে ছাগল চড়াতে যান এবং বাবা ভিজিএফের (VGF) সরকারি চাল আনার জন্য বালিজুড়ী ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। ওই সময় কিশোরীটি নিজের শোবার ঘরে একা ঘুমিয়ে ছিল। বাড়ি জনশূন্য থাকার এই সুযোগে লম্পট শাহজাহান মোল্লা চোরের মতো ঘরে প্রবেশ করে ঘুমন্ত কিশোরীর ওপর চড়াও হয় এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন চালায়।

একপর্যায়ে কিশোরীর ঘুম ভেঙে গেলে সে আতঙ্কিত হয়ে পড়ে। তখন শাহজাহান মোল্লা এই অনৈতিক ঘটনাটি কাউকে জানালে কিশোরী ও তার পরিবারের বড় ধরণের ক্ষতি করা হবে বলে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দেখায়। কিন্তু কিশোরীটি সাহস হার না দিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ আসার ভয়ে অভিযুক্ত শাহজাহান মোল্লা দ্রুত ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

থানায় মামলা ও আসামিকে আদালতে প্রেরণ

পরবর্তীতে বাবা-মা বাড়িতে ফিরলে কিশোরীটি তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত খুলে বলে। এ ঘটনায় তীব্র ক্ষোভের মুখে গতকাল শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শাহজাহান মোল্লাকে একমাত্র আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতেই অভিযুক্ত শাহজাহান মোল্লাকে মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “১৪ বছরের এক কিশোরীকে ঘরে একা পেয়ে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে শাহজাহান মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ রোববার (২৪ মে) সকালে প্রয়োজনীয় পুলিশি পাহারায় আসামিকে জামালপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”