২৬৬

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, এর আগে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় এই কার্যক্রম চালু করা হবে।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ এপ্রিল থেকে প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। তিনি আরও জানান, ৩ মে থেকে দেশের বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা কার্যক্রম চালু করা হবে, যাতে শিশুরা হামের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে।

তিনি বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাঁর মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা করোনাভাইরাস মহামারির তুলনায়ও কম উদ্বেগজনক নয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।