২০৫

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেন।

শনিবার রাতে রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনে হাঁটতে বের হলে ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে তাঁর মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, হামলায় তাঁর ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, হাঁটতে বের হওয়ার সময় তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন নিয়ে যায়। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।