১২৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী।

টেকনাফ পৌরসভার ১ নম্বর সুইচঘাট মৎস্য কমিটির সভাপতি মোহাম্মদ শহিদ জানান, প্রতিদিনের মতো সকালে নাফ নদীতে মাছ ধরতে যান জেলেরা। দুপুরের দিকে একটি কালো স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃতদের মধ্যে রয়েছেন টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. মুফিজ (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৮) এবং জাফর আলমের ছেলে মোহাম্মদ জামাল হোসেন (৪০)। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী বলেন, নাফ নদীর বাংলাদেশের জলসীমার বাইরে থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি প্রশাসন জেনেছে। তবে এখনো পর্যন্ত জেলে পরিবারগুলোর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ড-কে অবহিত করা হয়েছে।