২২২

মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর সহায়তায় ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় ব্যবসায়ীর বসতঘরের ভেতরে বিশেষভাবে তৈরি একটি ‘মিনি গুদাম’ থেকে ড্রাম ও বোতলজাত অবস্থায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সোমবারের (২০ এপ্রিল) মধ্যে নির্ধারিত মূল্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীর কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এই মজুত করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।