২৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলা-য় একটি আয়রন ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামে রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থের একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। তবে ঢালাইয়ের সময় নিয়ম অনুযায়ী রড ব্যবহার না করে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে।

তারা আরও জানান, ঢালাইয়ের সময় স্থানীয়রা বাধা দিলে ঠিকাদার অল্প কিছু রড এনে ব্যবহার করেন। পাশাপাশি সিমেন্টের পরিমাণ কম থাকায় স্থানীয়দের দিয়েই অতিরিক্ত সিমেন্ট সংগ্রহ করে কাজ শেষ করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লার দাবি, ব্রিজটির দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও তা কমিয়ে ৪৫ ফুট করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সুফলভোগীদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ব্রিজের মূল অংশে রড ব্যবহার করা হয়েছে এবং বাঁশ ব্যবহার করা হয়েছে বাইরের অংশে, তাও স্থানীয়দের উদ্যোগে।

এ বিষয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণের জন্য প্রথমে দেড় লাখ টাকা এবং পরে ঢালাইয়ের জন্য আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, এলজিইডিকে অবহিত না করে এ ধরনের কাজ করা নিয়মবহির্ভূত। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।