১৪৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন এক ছাত্রদল নেতা। চাঁদা না দিলে তার বড় ভাই হালিম হাওলাদারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করা হয়েছে।

দেলোয়ার হোসেন জানান, গত ১০ মে কয়েকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। এ সময় হালিম হাওলাদার তার কাছে থাকা ৩ হাজার টাকা তাদের দেন। তবে বাকি টাকা দ্রুত পরিশোধ না করলে খারাপ পরিণতির হুমকি দিয়ে তারা চলে যায় বলে দাবি করেন তিনি।

এরপর ১৪ মে রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হালিম হাওলাদার। অভিযোগের জেরে শুক্রবার দুপুরে ১৫ থেকে ২০ জনের একটি দল দেলোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলার সময় হালিম হাওলাদারকে বেধড়ক মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে দেলোয়ার হোসেনকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হালিম হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।