২৩১

চাঁদপুরের ফরিদগঞ্জে পলী আক্তার (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার এটিকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পলী আক্তার ওই গ্রামের ওমান প্রবাসী রাছেল আহমেদের স্ত্রী এবং দক্ষিণ লড়াইরচর গ্রামের লোকমান দেওয়ানের মেয়ে।

পুলিশ জানায়, স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের অভিযোগ, যৌতুকের দাবি পূরণ না হওয়ায় তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সামাজিকভাবে রাছেল আহমেদের সঙ্গে পলীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রাছেল ওমানে চলে যান। এরপর থেকেই দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তি চলছিল।

একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও মেয়ের সংসার টিকিয়ে রাখার আশায় তখন আইনি পদক্ষেপ নেয়নি পরিবার। তবে এখন সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছেন স্বজনরা।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।